ঝিনাইদহ প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পারিবারিক বিরোধের জেরে ঝিনাইদহ সদর উপজেলার বেতাই গ্রামে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই সোহেল রানা নিহত হয়েছেন। আজ রোববার (৭ ডিসেম্বর) দুপুরে রান্নার জ্বালানি ব্যবহার নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সোহেল রানা ও অভিযুক্ত ছোট ভাই সাব্বির আহম্মেদ জুয়েলের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ছিল। জুয়েল দীর্ঘদিন প্রবাসে থাকাকালীন বড় ভাই সোহেলের কাছে নিয়মিত টাকা পাঠাতেন। দুই মাস আগে দেশে ফিরে জুয়েল সেই টাকার হিসাব চাইলে তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে এবং তারা আলাদা বসবাস শুরু করেন।
রোববার দুপুরে বাড়িতে রান্নার জ্বালানি ব্যবহার নিয়ে আবারও তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। বিতর্কের একপর্যায়ে জুয়েল ক্ষিপ্ত হয়ে বটি দিয়ে বড় ভাই সোহেল রানার ঘাড়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় সোহেলকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) জহিরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং তা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছোট ভাই জুয়েল পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং অভিযোগ দায়েরের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।