স্টাফ রিপোর্ট।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসায় মা ও মেয়েকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার (৮ ডিসেম্বর) সকালে এই ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ। নিহতরা হলেন মালাইলা আফরোজ (৪৮) এবং তার মেয়ে, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসা বিনতে আজিজ (১৫)। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, বাসার গৃহকর্মীই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে গেছে।
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ১২টার দিকে গৃহকর্তা আজিজুল ইসলাম কাজ শেষে ৭ম তলার বাসায় ফিরে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। আহত নাফিসাকে হাসপাতালে নেওয়া হলেও সেখানেই তার মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বাথরুমের বালতি থেকে দুটি ধারালো ছুরি উদ্ধার করেছে। সন্দেহভাজন গৃহকর্মীর নাম আয়েশা বলে জানা গেলেও, তার পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
সহকারী পুলিশ কমিশনার জানান, গৃহকর্মীর উদ্দেশ্য ছিল হত্যাকাণ্ড ঘটানো। হত্যার পর সে ধারালো অস্ত্র ফেলে পালিয়ে যায়। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে এবং পলাতক গৃহকর্মীকে শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করছে।
এই জোড়া হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।