স্টাফ রিপোর্টার।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাজধানীর মোহাম্মদপুর আজিজ মহল্লার একটি বাসা থেকে তরিকুল ইসলাম (রুপম) (৪০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ নভেম্বর) বিকেলে রুমের ভেতর থেকে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা করেছেন।
নিহত তরিকুল ইসলাম মোহাম্মদপুর কৃষি মার্কেটের একটি ঘড়ির দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে আজিজ মহল্লার ১৩/৮ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দুপুরে রুমের অন্য সদস্যরা খাবার খেতে এসে ভেতরে দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকিতে সাড়া না পেয়ে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তরিকুলের ঝুলন্ত মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন।
পুলিশ ঘটনাস্থল থেকে তরিকুলের বিছানার পাশে একটি ডায়েরি উদ্ধার করেছে। ডায়েরিতে লেখা ছিল যে তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এবং তিনি ঋণগ্রস্ত ছিলেন।
ফ্ল্যাটের অন্য বাসিন্দারা পুলিশকে জানান, গভীর রাতে প্রায়শই তরিকুলের কান্নার শব্দ শোনা যেত এবং ফোনে তাকে চিৎকার-চেঁচামেচি করতে দেখা যেত।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনাটি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। ডায়েরির সূত্র ধরে ঋণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।