বগুড়া সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বগুড়ার গাবতলী উপজেলায় চোর সন্দেহে এক ব্যক্তিকে আটকে রাখার জেরে বেদেপল্লিতে হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় ছুরিকাঘাতে মো. শাকিল (২৫) নামে বেদে জনগোষ্ঠীর এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জানারুল নামে আরও একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের নাড়ুয়ামালা বাজার সংলগ্ন অস্থায়ী বেদেপল্লিতে এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য বিশু নামে অভিযুক্ত হামলাকারীর মা ও বোনকে আটক করা হয়েছে এবং প্রধান হামলাকারীকে গ্রেপ্তারে অভিযান চলছে।
যেভাবে ঘটনার সূত্রপাত:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শাকিলসহ বেদে জনগোষ্ঠীর কয়েকটি পরিবার সাপ ধরে ও ভেষজ চিকিৎসা করে জীবিকা নির্বাহ করেন এবং নাড়ুয়ামালা এলাকায় অস্থায়ীভাবে বসবাস করছিলেন।
হামলার সূত্রপাত হয় বুধবার রাতে। ওই রাতে স্থানীয় মাদকাসক্ত বিশুর ফুফাতো ভাই রাশেদ বেদেপল্লিতে গেলে বেদেরা তাকে চোর সন্দেহে আটক করে বেঁধে রাখেন।
এই খবর পেয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে বিশু ও তার লোকজন বেদেপল্লিতে এসে হামলা চালায়। এই সময় বিশুর ছুরিকাঘাতে ঘটনাস্থলেই নিহত হন যুবক শাকিল।
পুলিশের পদক্ষেপ:
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং নিহত শাকিলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
গাবতলী থানার নবাগত ওসি আনিছুর রহমান দুপুরে সাংবাদিকদের জানান, হামলায় জড়িত সন্দেহে বিশুর মা কমলা ও বোন জমেলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেওয়া হয়েছে। এই ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং বিশুকে গ্রেপ্তারে অভিযান জোরালো করা হয়েছে।