ডুমুরিয়া প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
খুলনার ডুমুরিয়া উপজেলার শলুয়া বাজারে দুর্বৃত্তদের গুলিতে একজন সাংবাদিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শলুয়া বাজারে এই গুলির ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইমদাদুল হক মিলন (৪৫)। তিনি একটি অনলাইন সংবাদমাধ্যম ‘খুলনার বর্তমান সময় ডট কম’-এর সাংবাদিক ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন স্থানীয় পশু চিকিৎসক দেবাশীষ বিশ্বাস, যাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, ইমদাদুল হক মিলন শলুয়া বাজারের একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত সেখানে এসে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। একটি গুলি দোকানের সামনে থাকা পশু চিকিৎসক দেবাশীষ বিশ্বাসের মাথায় লাগে। তিনি সরে গেলে দুর্বৃত্তরা দোকানের ভেতরে ঢুকে ইমদাদুল হক মিলনের মাথায় কাছ থেকে একাধিক গুলি করে পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয় লোকজন আহত দু’জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমদাদুল হক মিলনকে মৃত ঘোষণা করেন। আহত দেবাশীষ বিশ্বাসকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।
নিহত ইমদাদুল হক মিলন শলুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি শলুয়া মন্দির সড়কে বসবাস করতেন। তার বাবার নাম বজলুর রহমান শেখ।
ঘটনার খবর পেয়ে খুলনা মহানগর পুলিশের পাশাপাশি র্যাবের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখান থেকে একাধিক গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
খুলনা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় জানান, দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের কাজ চলছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে তিনি জানান।