কুষ্টিয়া প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে ৫৫ বছর বয়সী মোঃ বাবু নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর আনুমানিক দেড়টার দিকে সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহল চলাকালে তাকে আটক করা হয়। পরে বিকালে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়।
আটক মোঃ বাবু ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার সারগাছি আশ্রম গ্রামের বাসিন্দা মৃত আব্দুল আজিজ শেখের ছেলে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরো জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি-এর অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বাংলাদেশ অভ্যন্তরে প্রায় ৫০ গজ ভেতরে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তিকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি‘র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে আছে।
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, বিজিবি‘র পক্ষ থেকে বাবু নামে এক ভারতীয় নাগরিক কে থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।