আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বছরের প্রথম দিনে রাজশাহীর পুঠিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ জন কলার ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল অনুমান পৌনে ৮টার দিকে পুঠিয়া থানাধীন ঝলমলিয়া কলাহাটে রাজশাহী-নাটোর মহাসড়কের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ট ১৩-৮৪৭১ রেজিস্ট্রেশন নম্বরের একটি ট্রাক রাজশাহী থেকে নাটোরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে পড়লে সেখানে উপস্থিত থাকা কলার ব্যবসায়ীরা চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন এবং ১ জন গুরুতর আহত হন।
নিহত ব্যক্তিরা হলেন- সিয়াম (১৫), পিতা- মোঃ শাহীন (নাটোর সদর), ইসলাম উদ্দিন (৬০), পিতা- মৃত মাহাতাব (চারঘাট, রাজশাহী), সেন্টু (৪০), পিতা- সৈয়ম উদ্দিন (বাগাতিপাড়া, নাটোর), মুনকের (৩৫), পিতা- আক্কেল প্রামানিক (নাটোর সদর)।
দুর্ঘটনার পর পুঠিয়া থানা পুলিশ, পবা হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে হতাহতদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। আহত রায়হান (৪০) নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে নিহতদের মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশ হেফাজতে নিয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।