লোহাগাড়ার চরম্বায় সেনাবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার
মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও সরঞ্জামসহ রিফাত নামে ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম। আজ ১৫ জুন (বৃহস্পতিবার) দিনব্যাপী পরিচালিত একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া আর্মি ক্যাম্পের একটি দল চরম্বা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই ব্যক্তির কাছ থেকে একাধিক দেশীয় ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র সদৃশ সরঞ্জাম, বিভিন্ন মোবাইল ফোন, টর্চলাইট, ব্যাগ এবং অন্যান্য সন্দেহজনক উপকরণ উদ্ধার করা হয়।
আটক রিফাতকে পরবর্তীতে লোহাগাড়া আর্মি ক্যাম্পে নেওয়া হয়। সেখানে উদ্ধারকৃত অস্ত্র ও আলামত প্রদর্শন করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত অস্ত্রগুলো অবৈধ কার্যক্রম ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে চরম্বা এলাকায় অবৈধ অস্ত্র ও অপরাধমূলক তৎপরতা নিয়ে উদ্বেগ ছিল। সেনাবাহিনীর এ ধরনের অভিযান সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে লোহাগাড়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। আজকের এই অভিযান সেই ধারাবাহিক উদ্যোগের অংশ বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।