দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরে নৌকার ভীতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১০কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বনবিভাগ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উদ্ধারকৃত হরিণের মাংস সাতক্ষীরা বন আদালতে পাঠানো হয় এবং আদালতের নির্দেশ ম্যাজিস্ট্রেট আদালত-২ এর সামনে কেরোসিন মিশিয়ে মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার ২১ জানুয়ারি সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনাধীন টেংরাখালী টহল ফাঁড়ির আওতায় ফুট পেট্রলিং চলাকালে একটি ডিঙ্গি নৌকায় পরিত্যক্ত অবস্থায় হরিণের মাংস উদ্ধার করে বনবিভাগ। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং হরিণ শিকার ও পাচারের সঙ্গে জড়িতদের শনাক্তে অনুসন্ধান ও গোয়েন্দা নজরদারি চলছে।
সাতক্ষীরা ফরেস্ট রেঞ্জার ফজলুল হক জানান, হরিণ চোরাকারবারীরা সাধারণ মানুষকে ধোঁকা দিতে হরিণের মাংসের সঙ্গে শুকর কিংবা কুকুরের মাংস মিশিয়ে বিক্রি করে থাকে। এই চক্রকে ধরতে আমরা মাঠপর্যায়ে কাজ করছি। পাশাপাশি তিনি বন্যপ্রাণীর মাংস কেনাবেচা থেকে বিরত থাকতে সবাইকে সতর্ক করেন।