টেলিগ্রাফ ডেস্ক | জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম।
এ ছাড়া একই মামলায় ডিএমপির সাবেক সহকারী কমিশনার (এসি) ইমরুল হাসানকে ছয় বছরের এবং শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেনকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তিন কনস্টেবল—মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলামকে তিন বছর করে কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
এর আগে গত বছরের ১৭ নভেম্বর জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় একই ট্রাইব্যুনাল থেকে প্রথম রায় দেওয়া হয়েছিল। গত বছরের ১৪ জুলাই চানখাঁরপুলে শিক্ষার্থীসহ ছয়জনকে হত্যার ঘটনায় আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়।
এদের মধ্যে চারজন ছিলেন পলাতক, যাদের মধ্যে হাবিবুর রহমান, সুদীপ কুমার চক্রবর্তী, শাহ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল অন্তর্ভুক্ত ছিলেন।
গ্রেপ্তার অপর চার আসামি হলেন শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন এবং তিন কনস্টেবল। মামলাটির রায় ঘোষণার তারিখ প্রথমে ২০ জানুয়ারি নির্ধারিত থাকলেও পরে তা পিছিয়ে ২৬ জানুয়ারি করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট চানখাঁরপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের গুলিতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। ওই ঘটনায় শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন।
এ ঘটনার বিচারিক প্রক্রিয়াকে সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ মানবতাবিরোধী অপরাধের মামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
#আরএ