টেলিগ্রাফ রিপোর্ট | নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায় দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে নাম আগে-পরে লেখাকে ঘিরে সৃষ্ট বিরোধের জেরে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন। যুবদল কর্মীর ঘুষিতে আজাহার (৪৫) নামে ওই নেতা ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে মারা যান। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আজাহার কাঞ্চন পৌরসভার নরাবো এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ড শাখার সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, শনিবারের একটি দলীয় কর্মসূচি সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রস্তুতিমূলক আলোচনায় বসেন।
আলোচনার একপর্যায়ে কর্মসূচির তালিকায় নামের ক্রম নির্ধারণ নিয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজের সঙ্গে যুবদল কর্মী রাজিবের তর্কাতর্কি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাজিবের সহযোগী হাসানসহ কয়েকজন সবুজ, আজাহার, রিপন ও এমরাতের ওপর হামলা চালান। মারধরের সময় আজাহার মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজাহারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কাঞ্চন পৌর বিএনপির একাধিক নেতা তার বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলেও তিনি জানান।
#আরএ