নিউজ ডেস্ক ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নিজ বাসায় কর্মরত ১১ বছরের এক শিশু গৃহকর্মীকে নির্মম নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও শফিকুর রহমান এবং তাঁর স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোররাতে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, ওই শিশুকে রান্নার গরম খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়া এবং নিয়মিত মারধর করার প্রমাণ পাওয়া গেছে। বর্তমানে শিশুটি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগী শিশুটির বাবা গোলাম মোস্তফা, যিনি পেশায় একজন হোটেল কর্মচারী, অভাবের কারণে গত বছরের জুন মাসে তাঁর মেয়েকে শফিকুর রহমানের বাসায় কাজে দিয়েছিলেন। পরিবারের অভিযোগ, গত নভেম্বর মাস থেকে বিভিন্ন অজুহাতে তাঁদের মেয়ের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছিল না।
গত শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে হঠাৎ শিশুটি অসুস্থ বলে তার বাবাকে খবর দেওয়া হয়। সন্ধ্যায় মেয়েকে ফেরত নেওয়ার সময় গোলাম মোস্তফা দেখতে পান, শিশুর শরীরে অসংখ্য পোড়া ক্ষত এবং সে স্বাভাবিকভাবে কথা বলতে পারছে না। এরপরই শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পুলিশের কাছে অভিযোগ জানানো হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ জানিয়েছে, চিকিৎসাধীন অবস্থায় শিশুটি পুলিশকে জানিয়েছে, ২০২৫ সালের ২ নভেম্বরের পর থেকে বীথী ও শফিকুর রহমান এবং বাসায় কর্মরত আরও দুই গৃহকর্মী তাকে নিয়মিত মারধর ও গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দিতেন।
উত্তরা পশ্চিম থানা পুলিশ সোমবার রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে বিমানের এমডি শফিকুর রহমান, তাঁর স্ত্রী বীথী এবং অন্য দুই গৃহকর্মী সুফিয়া ও রূপালিকে গ্রেপ্তার করে। তাঁদের ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী শিশুটির চিকিৎসার জন্য তাঁর পরিবারের কাছে ৫০ হাজার টাকা হস্তান্তর করেছেন। পুলিশ জানিয়েছে, এই স্পর্শকাতর মামলাটির তদন্ত অত্যন্ত গুরুত্বের সঙ্গে চালানো হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষের পক্ষ থেকে এই গ্রেপ্তারের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।