মাদারীপুর প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির নির্বাচনী প্রচারণায় যোগ দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের একদল প্রভাবশালী নেতা। মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের এক উঠান বৈঠকে হাজির হয়ে তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন, যা স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ও বিতর্কের সৃষ্টি করেছে।
শিবচর পৌরসভার খান বাড়িতে আয়োজিত এই বৈঠকে আওয়ামী লীগের সাবেক মেয়র ও বেশ কয়েকজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ অন্তত ২০ জন শীর্ষস্থানীয় নেতা উপস্থিত ছিলেন। তারা সরাসরি বিএনপির প্রার্থীর পাশে বসে নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নেন।
বৈঠকের এক পর্যায়ে শিবচর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন খান বক্তব্য দিতে গিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন। তাদের দাবি, সাবেক চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটনের পক্ষ থেকে ‘সবুজ সংকেত’ পাওয়ার পরই তারা প্রকাশ্যে বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন।
উঠান বৈঠকে বিএনপির প্রার্থী নাদিরা আক্তার উপস্থিত আওয়ামী লীগ নেতাদের আশ্বস্ত করে বলেন, “সবার আগে আমাদের পরিচয় আমরা মানুষ। আমরা এক ও ঐক্যবদ্ধ থাকলে শিবচরকে আধুনিক হিসেবে গড়ে তোলা কঠিন হবে না।” তিনি আরও ঘোষণা করেন যে, বিএনপি বিজয়ী হলে শিবচরে কারও বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ থাকবে না এবং আওয়ামী লীগ নেতাদের ‘অযথা হয়রানি’ করা হবে না।
মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে শুরু থেকেই নাটকীয়তা চলছিল। প্রথমে অন্য একজনকে মনোনয়ন দেওয়া হলেও পরে নাদিরা আক্তারকে চূড়ান্ত প্রার্থী করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সম্প্রতি দুই বিদ্রোহী প্রার্থীসহ ১০ নেতাকে বহিষ্কার করে বিএনপি। মজার বিষয় হলো, বিদ্রোহী প্রার্থীরাও আওয়ামী লীগের একাংশের সমর্থন নিয়ে নির্বাচনী মাঠে টিকে থাকার চেষ্টা করছেন।
শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান অবশ্য বিষয়টিকে দেখছেন কেবল ‘সমর্থন’ হিসেবে। তাঁর ভাষ্যমতে, আওয়ামী লীগ নেতারা স্বেচ্ছায় সমর্থন জানাতে এসেছেন, এখানে কোনো দলকে ‘পুনর্বাসন’ করা হচ্ছে না। তবে ধানের শীষের মিছিলে আওয়ামী লীগের স্লোগান সাধারণ ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।