টেলিগ্রাফ রিপোর্ট | রাজধানীর শ্যামপুরে গভীর রাতে এক ট্রান্সপোর্ট কর্মচারীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ৯০ হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে তিনটার দিকে খন্দকার রোড এলাকার শেখ কামাল স্কুলের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আহত ব্যক্তির নাম মো. গোলাম কিবরিয়া (৪৫)। তিনি বংশাল এলাকার ‘বোরাক ট্রান্সপোর্ট’ নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত কিবরিয়ার সহকর্মীরা জানিয়েছেন, সোমবার রাতে চট্টগ্রাম থেকে আসা ট্রান্সপোর্টের মালামাল বুঝে নিয়ে সেগুলো আনলোড করার তদারকি করছিলেন কিবরিয়া। কাজ শেষে গাড়ির ভাড়া পরিশোধ করে রিকশায় চড়ে শ্যামপুরের আলমবাগে নিজের বাসায় ফিরছিলেন তিনি।
পথিমধ্যে শেখ কামাল স্কুলের সামনে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা বা ওত পেতে থাকা তিন ছিনতাইকারী তাঁর রিকশার গতিরোধ করে। ধারালো অস্ত্র ঠেকিয়ে তাঁর কাছে থাকা টাকা ও ফোন দাবি করে তারা। কিবরিয়া বাধা দেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা তাঁর বাম হাতে ছুরিকাঘাত করে টাকা ও ফোন নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় কিবরিয়াকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ভোর পাঁচটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানিয়েছেন, আহত ব্যক্তির চিকিৎসা চলছে এবং বিষয়টি সংশ্লিষ্ট শ্যামপুর থানাকে অবগত করা হয়েছে। পুলিশ ছিনতাইকারীদের শনাক্ত ও মালামাল উদ্ধারে কাজ শুরু করেছে বলে জানা গেছে।