কক্সবাজার সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে আসা ইয়াবার একটি বড় চালান জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার সন্ধ্যায় উপজেলার হ্নীলা ইউনিয়নে নাফ নদী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর একটি বিশেষ দল হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া ব্রিজ এলাকায় অবস্থান নেয়। তারা জানতে পারে, একটি মাদক কারবারি চক্র নাফ নদী ব্যবহার করে মিয়ানমার থেকে ইয়াবার এই বড় চালানটি দেশে ঢোকানোর চেষ্টা করছে।
নৌবাহিনী সূত্র জানিয়েছে, মাদক কারবারিরা শুরুতে নাটমুড়াপাড়া এলাকা দিয়ে মাদক নিয়ে আসার পরিকল্পনা করলেও শেষ মুহূর্তে তারা পথ পরিবর্তন করে চৌধুরীপাড়া খালের দক্ষিণ পাশ দিয়ে এগোতে থাকে। বিষয়টি টের পেয়ে নৌবাহিনীর সদস্যরা দ্রুত অবস্থান পরিবর্তন করেন এবং খালের উত্তর পাশ থেকে মাদক কারবারিদের ধাওয়া করেন। ধাওয়ার মুখে কারবারিরা বস্তাগুলো ফেলে পালিয়ে গেলে সেগুলো জব্দ করা হয়।
পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে বস্তাগুলো তল্লাশি করে ৫ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। নৌবাহিনী জানিয়েছে, জব্দকৃত এসব মাদকের বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা। উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
সাম্প্রতিক সময়ে নাফ নদী ও টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদক চোরাচালান বৃদ্ধির প্রেক্ষাপটে এই অভিযানকে একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।