শেরপুর প্রতিনিধি | ভোটের লড়াই শেষ হতে না হতেই শেরপুরের নালিতাবাড়ীতে এক অভিনব উৎসবের আমেজ দেখা দিয়েছে। নির্বাচনী ফলাফল নিয়ে ধরা বাজিতে জিতে ব্যান্ড পার্টি ও বাদ্যযন্ত্র বাজিয়ে একটি মহিষ নিয়ে বাড়ি ফিরেছেন আব্দুল মান্নান নামে এক গ্রামবাসী।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শুক্রবার সকালে উপজেলার উত্তর নাকশী গ্রামে এই ঘটনা ঘটে, যা বর্তমানে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতুহল ও আনন্দের খোরাক জোগাচ্ছে।
নালিতাবাড়ীর উত্তর নাকশী গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান এবং পার্শ্ববর্তী বালুঘাটা গ্রামের জামায়াতে ইসলামীর সমর্থক আমীর হোসেনের মধ্যে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের ফলাফল নিয়ে একটি বাজি হয়েছিল। শর্ত ছিল বেশ অসম—যদি এই আসনে দাঁড়িপাল্লা প্রতীক জয়ী হয়, তবে মান্নান দেবেন ছয়টি মহিষ। কিন্তু যদি ধানের শীষ জয়ী হয়, তবে আমীর দেবেন একটি মহিষ।
বৃহস্পতিবার রাতে ঘোষিত ফলাফলে দেখা যায় শেরপুর-২ আসনে ধানের শীষ প্রতীক বিজয়ী হয়েছে। বাজির শর্ত অনুযায়ী আব্দুল মান্নান জয়ী ঘোষিত হন। আব্দুল মান্নান বলেন, “আমি আগে থেকেই জানতাম ধানের শীষই জিতবে। ফলাফল আসার পর আজ সকালে শর্ত অনুযায়ী আমি মহিষ আনতে যাই।”
শুক্রবার সকালে আব্দুল মান্নান ও তাঁর স্বজনেরা মিলে ব্যান্ড পার্টি ভাড়া করে বাজনা বাজাতে বাজাতে আমীর হোসেনের বাড়ি যান। সেখান থেকে মহিষটি নিয়ে আসার সময় রাস্তার দুপাশে উৎসুক জনতার ভিড় জমে যায়। মান্নানের ছেলে সোহেল মিয়া জানান, বিজয় উদযাপন করতেই তাঁরা বাদ্যযন্ত্রের ব্যবস্থা করেছিলেন।
রাজনৈতিক বৈরিতার বদলে এমন রসিকতাপূর্ণ বাজি এবং তা হাসিমুখে পালন করার বিষয়টি এলাকায় সম্প্রীতির এক ভিন্ন বার্তা দিচ্ছে বলে স্থানীয়রা মন্তব্য করেছেন। মহিষ নিয়ে বাড়ি ফেরার পর থেকে নাকশী গ্রামে এখন আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে।