দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ফরিদ আহমেদ,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া–০৫ (নবীনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুল মান্নান ধানের শীষ প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এই বিজয়ের মাধ্যমে নবীনগরবাসী দীর্ঘ ৩০ বছর পর আবারও বিএনপির একজন দলীয় সংসদ সদস্য পেলেন, যা নবীনগরের রাজনৈতিক ইতিহাসে এক বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে সর্বশেষ ১৯৯৬ সালে সাবেক মন্ত্রী পরিষদ সচিব সিদ্দিকুর রহমান বিএনপির প্রার্থী হিসেবে নবীনগর আসনে এমপি নির্বাচিত হয়েছিলেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) নবীনগর উপজেলা অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি কেন্দ্রভিত্তিক গণনার চূড়ান্ত ফলাফল তুলে ধরেন।
নবীনগর উপজেলার মোট ১৫৪টি ভোটকেন্দ্রের সবগুলোর ফলাফল অনুযায়ী ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে বিজয়ী হন এডভোকেট আব্দুল মান্নান।
চূড়ান্ত ফলাফলে তিনি পেয়েছেন ৮৪ হাজার ৭৬১ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস পেয়েছেন ৮৩ হাজার ৯৯৫ ভোট।
অন্যদিকে ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি আমজাদ হোসাইন আশরাফী রিকশা প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৭৪৯ ভোট।
জয় নিশ্চিত হওয়ায় নবীনগর আসনের নির্বাচন ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও আলোচিত। ফলাফল ঘোষণার পর বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ তিন দশক পর নবীনগরে বিএনপির দলীয় এমপি নির্বাচিত হওয়া নতুন রাজনৈতিক বার্তা বহন করছে।