দেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন বিশিষ্ট কূটনীতিক ড. খলিলুর রহমান। তিনি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। পররাষ্ট্র ক্যাডারের এই অভিজ্ঞ কর্মকর্তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ পদে বসানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ড. খলিলুর রহমান একজন অত্যন্ত মেধাবী ব্যক্তিত্ব। তিনি ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যান এবং বিশ্বখ্যাত টাফটস ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আইন ও কূটনীতিতে এমএ এবং অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
১৯৭৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র) ক্যাডারে যোগদানের মাধ্যমে তাঁর বর্ণাঢ্য কর্মজীবন শুরু হয়। ১৯৮৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগে এবং পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করেছেন। ১৯৮৫ সালে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বদলি হওয়ার পর তাঁর আন্তর্জাতিক কূটনীতির পরিধি আরও বিস্তৃত হয়।
দীর্ঘ সময় আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ১৯৯১ সালে তিনি জেনেভায় জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনে (আঙ্কটাড) বিশেষ উপদেষ্টা হিসেবে জাতিসংঘ সচিবালয়ে যোগ দেন। কূটনীতি এবং অর্থনীতিতে তাঁর এই দ্বৈত দক্ষতা বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।