কুষ্টিয়া প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি
সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া শহর বাইপাসের কুষ্টিয়া স্টোর নামে একটি তেল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সিএনজির চালক ও চারজন যাত্রী রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তারা হলেন- খাজানগর এলাকার মৃত সিরাজুল ইসলামের দুই স্ত্রী আমেনা খাতুন (৬৫) ও কমেলা খাতুন (৬২), আমেনা খাতুনের মেয়ের জামাই সিএনজিচালক জাকারিয়া সরকার (৪০), খাজানগর এলাকার আব্দুল মালেকের ছেলে আশরাফুল (২৮) ও আশরাফুলের স্ত্রী শিরিনা খাতুন (২০)।
নিহতদের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, নিহতদের মধ্যে তিনজন মহিলা ও দুজন পুরুষ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি বাইপাস হয়ে খাজানগর যাবার জন্য ত্রিমোহনীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটিকে সরাসরি ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন।
হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই তিনজনের
এবং হাসপাতালে চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন। এ
ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।