প্রতিনিধি,নড়াইল | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই একই এলাকার বাসিন্দা এবং তারা একটি নির্দিষ্ট পক্ষের সমর্থক ছিলেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধের জেরে ভোরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে প্রতিপক্ষের অতর্কিত হামলায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তারা হলেন—খলিল শেখ (৬০), তাহাজ্জত শেখ (৩০) ও ফেরদৌস (৪০)। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
এই সংঘর্ষে ওসিবুর রহমান (৪০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছিলেন। তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এই সংঘর্ষে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।
হত্যাকাণ্ডের পর বড়কুলা ও সিংগা গ্রাম এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নতুন করে কোনো সংঘাত এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওসি মোহাম্মদ ওলি মিয়া জানিয়েছেন, “পুলিশ বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।”
মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।