কালীগঞ্জ প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ঝিনাইদহের কালীগঞ্জে নিখোঁজ হওয়ার একদিন পর সাড়ে চার বছরের এক কন্যা শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বাদুড়গাছা গ্রামের একটি বিদ্যালয়ের সেফটিক ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশুর নাম তাবাসসুম। তার বাবা নজরুল হোসেন পেশায় একজন দর্জি এবং মা হালিমা খাতুন একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। কর্মসূত্রে তারা দীর্ঘদিন ধরে কালীগঞ্জের বারবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুর আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি তাবাসসুম। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর আজ সকালে স্থানীয় এক কৃষক মাঠে যাওয়ার পথে আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে একটি রক্তমাখা বস্তা পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তার ভেতর থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করে।
প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, শিশুটিকে হত্যার পর বস্তায় ভরে বিদ্যালয়ের সেফটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছিল। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন এই মৃত্যুকে ‘রহস্যজনক’ বলে অভিহিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কারা এবং কেন এত ছোট একটি শিশুকে নির্মমভাবে হত্যা করল, তা উদ্ঘাটনে পুলিশি তদন্ত শুরু হয়েছে।