চাঁদপুর সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চাঁদপুরের মতলব উপজেলায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে একটি বিয়ের অনুষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, কিশোর গ্যাংয়ের সদস্যরা এ হামলা চালায়। এতে বরের বাবা ও ভাইসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের রায়েরকান্দি গ্রামের নমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় জীবন চন্দ্র দাসের বাড়িতে বাবুলাল বিশ্বাসের ছেলে সেম্বু নাথের বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় পার্শ্ববর্তী এলাকার মোহন (২৫)–এর নেতৃত্বে আরমান (১৮), আবির হোসেন (১৬), জিসান (১৮)সহ কয়েকজন সেখানে এসে প্রথমে এক লাখ টাকা চাঁদা দাবি করে।
পরে তারা দাবির পরিমাণ কমিয়ে ৩০ হাজার টাকায় নামায়। পরিস্থিতি সামাল দিতে আয়োজক পক্ষ তিন হাজার টাকা দিলেও এতে সন্তুষ্ট হয়নি হামলাকারীরা। একপর্যায়ে তারা বরের বাবা বাবুলাল বিশ্বাস ও ভাই ত্রিনাথ বিশ্বাসকে মারধর করে। অভিযোগ রয়েছে, হামলাকারীরা টেবিল-চেয়ার ভাঙচুরের পাশাপাশি আশপাশের বাড়িঘরেও হামলা চালায়।
হামলায় আহত ত্রিনাথ বিশ্বাস বলেন, তিনি প্রবাসে থাকেন এবং ভাইয়ের বিয়েতে দেশে এসেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠান চলাকালে তারা কেরাম খেলছিলেন, তখন কিশোর গ্যাংয়ের সদস্যরা এসে হামলা চালায়। এতে তার মাথা ফেটে যায় এবং তার গলার স্বর্ণের চেইন ও ছোট ভাইয়ের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
স্থানীয় বাসিন্দা রঘুনাথ বিশ্বাস ও জীবনকৃষ্ণ সরকার বলেন, বিয়েবাড়িতে এ ধরনের ঘটনার পর এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। তারা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম মোল্লা জানান, ঘটনার সময় তিনি তারাবির নামাজে ছিলেন। পরে খবর পেয়ে পুলিশকে জানানো হলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে প্রদীপ মণ্ডল, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বলেন যে বিয়েবাড়িতে চাঁদা দাবি ও হামলার অভিযোগে ১৩ জনকে আসামি করে মামলা করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।