কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাঙামাটি শহরের ৯ নম্বর ওয়ার্ডের কলেজ গেট এলাকায় যাত্রীদের জন্য নির্মিত একটি ছাউনি দখল করে দোকান স্থাপন এবং বাণিজ্যিকভাবে ব্যবহার করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এতে সাধারণ যাত্রীরা ছাউনির ভেতরে বসার সুযোগ পাচ্ছেন না এবং জনস্বার্থের জায়গাটি ব্যক্তিস্বার্থে ব্যবহৃত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কলেজ গেট এলাকা রাঙামাটি শহরের একটি গুরুত্বপূর্ণ জনপদ, যেখানে প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষের বসবাস। কিন্তু এলাকাটিতে নাগরিক সুবিধার ঘাটতি দীর্ঘদিন ধরেই ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
অভিযোগ রয়েছে, কলেজ গেট এলাকায় অবস্থিত নোয়াখালী যাত্রী ছাউনির চারপাশ ঘিরে দোকান তৈরি করা হয়েছে। স্থানীয়দের দাবি, নোয়াখালী বৃহত্তম সমিতির মাধ্যমে জামানত নিয়ে এসব দোকান ভাড়া দেওয়া হয়েছে। ফলে যাত্রীদের বসার জন্য নির্মিত ছাউনিটি এখন কার্যত একটি বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে।
ভুক্তভোগীরা বলছেন, দীর্ঘ সময় অপেক্ষা করলেও ছাউনির ভেতরে গিয়ে বসার সুযোগ নেই। সেখানে নিয়মিত ভাড়া তোলা হচ্ছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাঙামাটি জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুন্নবী বলেন, যাত্রী ছাউনিটি অবৈধভাবে দখল করে দোকান ভাড়া দেওয়া হচ্ছে এবং এর মাধ্যমে ব্যক্তিস্বার্থে অর্থ সংগ্রহ করা হচ্ছে। তিনি প্রশাসনের কাছে দ্রুত এই অবৈধ দখল উচ্ছেদ করে ছাউনিটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার দাবি জানান।
এলাকাবাসীর অভিযোগ, কলেজ গেট এলাকা ঘনবসতিপূর্ণ হলেও এখানে বড় ধরনের অগ্নিকাণ্ড মোকাবিলায় কোনো স্থায়ী অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশেও সীমাবদ্ধতা রয়েছে।
এছাড়া কলেজ গেট থেকে শুরু করে প্রধান সড়কগুলোর দুই পাশে দোকানপাট বসানোর ফলে রাস্তা সংকুচিত হয়ে পড়েছে। এতে একদিকে শহরের সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে যানজটও বাড়ছে বলে জানান স্থানীয়রা।
আরও একটি বড় সমস্যা হলো কলেজ গেট এলাকা থেকে কাটাছড়ি যাওয়ার সড়ক। স্থানীয়দের মতে, প্রতি বছর বর্ষা মৌসুমে এই সড়ক পানির নিচে তলিয়ে যায়। সামান্য বৃষ্টিতেই রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে, ফলে এলাকার বহু মানুষ যাতায়াতে চরম ভোগান্তির শিকার হন।
দীর্ঘ ২৬ বছর পর রাঙামাটি থেকে একজন পূর্ণ মন্ত্রী পাওয়ায় স্থানীয়দের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। মোহাম্মদ নুরুন্নবী বলেন, এলাকাবাসী আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাত্রী ছাউনিটি উদ্ধার, সড়কের দুই পাশ দখলমুক্ত করা এবং কাটাছড়ি সড়ক স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ নেবে।
স্থানীয়রা বলছেন, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে জনস্বার্থে নির্মিত অবকাঠামো ব্যক্তিস্বার্থে ব্যবহারের এই প্রবণতা আরও বাড়তে পারে।