ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার (২০ মার্চ) দুপুরে দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়েছে, রাত ১টার মধ্যে দেশের অন্তত ১২টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঢাকাসহ যশোর, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, রাঙামাটি এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
একই সময়ে ময়মনসিংহ, টাঙ্গাইল ও সিলেট অঞ্চলেও ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।
দিনের শুরু থেকেই আবহাওয়ার অস্থিরতা লক্ষ্য করা গেছে। ভোর থেকে আকাশ মেঘলা থাকলেও সকাল বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। সকাল ১০টার দিকে আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায় এবং শুরু হয় ধূলিঝড়। পরে দমকা হাওয়ার সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় ঝড়ো বৃষ্টি শুরু হয়, যা সময়ের সঙ্গে তীব্র আকার ধারণ করে। এ সময় বজ্রপাত, বিদ্যুতের ঝলকানি এবং মেঘের গর্জনও শোনা যায়।
এদিকে, শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার কথা রয়েছে। তবে ঈদের দিনেও দেশের আটটি বিভাগের কোনো না কোনো অঞ্চলে বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, বর্তমানে একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে, যা এই অস্থির আবহাওয়ার জন্য দায়ী বলে ধারণা করা হচ্ছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।