বাঘারপাড়া প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বাঘারপাড়ায় স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে কীটনাশক পান করে বিল্লাল হোসেন (৩৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। বুধবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার নারকেল বাড়িয়া ইউনিয়নের খানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিল্লাল হোসেন পারিবারিক বিরোধের জেরে অভিমান করে কীটনাশক পান করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে প্রথমে মাগুরার শালিখা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোরের ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত বিল্লাল হোসেন উপজেলার খানপুর গ্রামের বাসিন্দা এবং আক্কাছ আলির ছেলে। তার পরিবারে ১৮ বছর বয়সী এক বিবাহিত কন্যা ও তিন বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
মরদেহ বাড়িতে নিয়ে আসা হলে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। পরে খবর পেয়ে বাঘারপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
পুলিশ জানায়, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।