কুড়িগ্রাম প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কুড়িগ্রামের উলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি গরুসহ একটি পরিবারের পাঁচটি ঘর ও সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।
মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের জনতারহাট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আগুনের সূত্রপাত হয় পরিবারের রান্নাঘর থেকে, যা দ্রুত পাশের গোয়ালঘর ও বসতঘরে ছড়িয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত পরিবারের প্রধান রফিকুল ইসলাম জীবিকার তাগিদে ঢাকায় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার সময় তার স্ত্রী ও পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন। রাতের দিকে রান্নাঘরে আগুন দেখতে পেয়ে তারা চিৎকার করলে স্থানীয় লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডে গোয়ালঘরে থাকা চারটি গরু পুড়ে মারা যায়। পাশাপাশি একটি রান্নাঘর ও তিনটি বসতঘরসহ মোট পাঁচটি ঘর পুড়ে যায়। ঘরের সব আসবাবপত্র ছাড়াও মজুত থাকা প্রায় ২২ মণ ধান, চার মণ সরিষা এবং আলুসহ বিভিন্ন খাদ্যশস্য আগুনে পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস এর উলিপুর ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
উলিপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা হবে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আগুনে তাদের সবকিছু পুড়ে যাওয়ায় তারা নিঃস্ব হয়ে পড়েছেন।