কমলগঞ্জ প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মৌলভীবাজার-এর কমলগঞ্জে লোকালয়ে ঢুকে পড়া প্রায় ১৪ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে পরে বনে অবমুক্ত করেছে বন বিভাগ। মঙ্গলবার রাতে সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যান-এর গভীর অরণ্যে ছেড়ে দেওয়া হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, প্রায় ৪০ কেজি ওজনের অজগরটি লাউয়াছড়া বন সংলগ্ন ‘হীড বাংলাদেশ’ এলাকায় বাসিন্দা মিজান মিয়ার বাড়িতে ঢুকে পড়ে। এ সময় সাপটি ঘরে থাকা মুরগ খাওয়ার চেষ্টা করলে বাড়ির লোকজন বিষয়টি টের পান এবং দ্রুত বন বিভাগকে খবর দেন।
খবর পেয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স-এর একটি যৌথ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। রাত প্রায় ১২টার দিকে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট চঞ্চল গোয়ালা জানান, সাপটি আকারে বড় হলেও সম্পূর্ণ সুস্থ ছিল। বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে একই রাতে সাপটিকে নিরাপদ ও গভীর বনে ছেড়ে দেওয়া হয়।