মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের বদলি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রশাসনিক এক আদেশে তাকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দায়িত্ব পালনের জন্য স্থানান্তর করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনটিতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মোতাহার হোসেনের স্বাক্ষর রয়েছে।
বদলির খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের মতামত প্রকাশ করতে শুরু করেন। অনেকেই বিদায়ী ইউএনওর কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেছেন, আবার কেউ কেউ তার বিদায়ে স্বস্তির কথাও উল্লেখ করেছেন।
কিছু রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব তাদের ব্যক্তিগত ফেসবুক পোস্টে অভিযোগ তুলে ধরেন। কেউ কেউ তাকে নির্বাচনী অনিয়মের সঙ্গে সম্পৃক্ত বলে মন্তব্য করেছেন, আবার কেউ পাহাড় ও ভূমি সংক্রান্ত নানা বিতর্কের প্রসঙ্গ টেনে সমালোচনা করেছেন। অন্যদিকে কয়েকজন ব্যঙ্গাত্মক ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে বিদায় প্রসঙ্গটি তুলে ধরেন।
তবে এসব মন্তব্য ব্যক্তিগত মতামতের ভিত্তিতে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট মহলের কেউ কেউ মনে করছেন। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, সাইফুল ইসলামের বদলির পর লোহাগাড়া উপজেলায় নতুন ইউএনও হিসেবে কে দায়িত্ব গ্রহণ করবেন—তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, নতুন কর্মকর্তা দায়িত্ব গ্রহণের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে।