ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম আবারও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ১,৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১,৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) রোববার (১৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে, যা একইদিন সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে।
একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন দরে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাস ৮৯ টাকা ৫০ পয়সায় বিক্রি হচ্ছে, যা এর আগে এপ্রিল মাসের শুরুতে ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
চলতি মাসেই এটি এলপিজির দ্বিতীয় দফা মূল্যবৃদ্ধি। এর আগে এপ্রিলের শুরুতে ১২ কেজি সিলিন্ডারের দাম একলাফে ৩৮৭ টাকা বাড়িয়ে ১,৭২৮ টাকা করা হয়েছিল।
বিইআরসি বলছে, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবেই এই মূল্য সমন্বয় করা হয়েছে। বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যে এলপিজিবাহী জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় সরবরাহ চেইনে চাপ তৈরি হয়েছে। পাশাপাশি বিকল্প উৎস থেকে আমদানি করতে অতিরিক্ত সময় ও জ্বালানি খরচ বাড়ছে।
এ ছাড়া যুদ্ধ পরিস্থিতির কারণে বিমা ও নিরাপত্তা ব্যয়ও বেড়েছে। এসব কারণে এলপিজি আমদানির মোট ব্যয় বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। দেশের সরবরাহ স্বাভাবিক রাখতে জাহাজভাড়া ও ট্রেডারের প্রিমিয়াম চার্জ সাময়িকভাবে প্রতি মেট্রিক টন ২৫০ মার্কিন ডলারে পুনর্নির্ধারণ করা হয়েছে।
সব মিলিয়ে বাড়তি ব্যয়ের চাপ সামাল দিতেই ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম সমন্বয় করা হয়েছে বলে জানায় বিইআরসি।