নিউজ ডেস্ক
বৃহস্পতিবার (১৫ অক্টোবর), সন্ধ্যা ৭টা ১০ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মার্কিন ডলারের দরপতন ও মুদ্রাস্ফীতির নতুন প্রতিবেদনের জেরে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দাম বেড়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ সময় বেলা ১২টা ৪৪ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্স ০.৭ শতাংশ বেড়ে ৪ হাজার ১৩৪.০৮ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১.২ শতাংশ বেড়ে ৪ হাজার ১৫৫.৫০ ডলারে পৌঁছেছে।
ক্যাপিটাল ডটকমের সিনিয়র ফাইন্যান্সিয়াল মার্কেট অ্যানালিস্ট কাইল রোডডা বলেন, “মার্কিন সুদের হারের নীতি নিয়ে অনিশ্চয়তার প্রভাব দেখা যাচ্ছে বাজারে। যার ফলে কিছুটা অস্থিরতাও তৈরি হচ্ছে।”
সিএমই-এর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ব্যবসায়ীরা চলতি মাসের শেষের দিকে সুদের হার বৃদ্ধির প্রায় ৩২ শতাংশ সম্ভাবনা দেখছেন, যা মুদ্রাস্ফীতি নিয়ে নতুন তথ্য প্রকাশের আগে ছিল ২২ শতাংশ। পেট্রোলের দাম বেড়ে যাওয়ায় সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে ভোক্তাদের ওপর চাপ বেড়েছে, যা এই পরিস্থিতির নেপথ্যে কাজ করছে।
অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম প্রতি আউন্স ০.৮ শতাংশ বেড়ে ৫৬.০৮ ডলারে উঠেছে। এছাড়া প্যালাডিয়ামের দাম ১.৪ শতাংশ বেড়ে ১ হাজার ১০৮.৭৬ ডলারে পৌঁছালেও প্ল্যাটিনামের দাম ০.৩ শতাংশ কমে ১ হাজার ৬০২.৪২ ডলারে দাঁড়িয়েছে।
দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।