ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দেশে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। নতুন দামে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৯৯ টাকা এবং খোলা তেল ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, নতুন দাম তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
দাম বৃদ্ধির কারণ হিসেবে বাণিজ্যমন্ত্রী বৈশ্বিক বাজারে মূল্যবৃদ্ধি এবং আমদানিনির্ভরতার বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, সয়াবিন তেল সম্পূর্ণভাবে আমদানিনির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে তার প্রভাব স্থানীয় বাজারেও পড়ে। এই চাপ মূলত রমজান থেকেই শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে আমদানিকারক ও রিফাইনাররা মূল্য সমন্বয়ের দাবি জানিয়ে আসছিলেন। তাদের দাবি ও আমদানি ব্যয়ের বিভিন্ন উপাদান যাচাই করে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। তবে ব্যবসায়ীদের চাহিদা পুরোপুরি মেনে নেওয়া সম্ভব হয়নি; আংশিক সমন্বয় করা হয়েছে।
তিনি আরও বলেন, এই মূল্য সমন্বয়ের ফলে আমদানিকারকদের লোকসানের চাপ কিছুটা কমবে এবং বাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে। ভোক্তাদের বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নেওয়ার আহ্বানও জানান তিনি।
দেশের শীর্ষ ভোজ্যতেল উৎপাদনকারী প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল বলেন, মূল্য সমন্বয়ের প্রয়োজন অনেক আগে থেকেই ছিল এবং এ সিদ্ধান্ত আসতে দেরি হয়েছে। তার দাবি, ব্যবসায়ীদের প্রকৃত লোকসানের তুলনায় দাম কম বাড়ানো হয়েছে।
তিনি বলেন, “আমাদের লোকসান যদি ১০ টাকা হয়, সরকার সেখানে ৫ টাকা বাড়িয়েছে।” তবে সরকারের সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ঈদ পর্যন্ত এ দাম বজায় রাখা হবে।
সরবরাহ নিয়ে উদ্বেগের বিষয়ে তিনি আশ্বস্ত করে বলেন, বাজারে কোনো সংকট হবে না। সামনে ঈদ উপলক্ষে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে পাম অয়েল আমদানি বাড়ানো হবে এবং সয়াবিন তেলের বুকিংও রয়েছে।