ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাংলাদেশের সাতটি জেলায় আজ রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার বিকেলে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, পটুয়াখালী এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময়ে বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে উত্তর ও পশ্চিমাঞ্চলসহ দেশের ছয়টি বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগে এই দফার বৃষ্টিপাত বা কালবৈশাখীর ধারা অব্যাহত থাকতে পারে। নদীবন্দরগুলোতে আকস্মিক ঝড়ের ঝুঁকি এড়াতে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।