ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে ঢাকা। সোমবার সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত তথ্যে রাজধানীর বায়ুমানের স্কোর ছিল ২১৬, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
আইকিউএয়ারের তালিকা অনুযায়ী, একই সময়ে ১৫৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল ভিয়েতনামের রাজধানী হ্যানয়। তৃতীয় অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার স্কোর ছিল ১৫৫। ভারতের দিল্লি ১৪৭ স্কোর নিয়ে চতুর্থ এবং কলকাতা ১১৬ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে ছিল।
আন্তর্জাতিক এই বায়ুমান সূচক অনুযায়ী, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ ধরনের পরিস্থিতিতে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। অন্যদেরও বাইরের কার্যক্রম সীমিত রাখতে বলা হয়ে থাকে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোর ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। আর ৩০১-এর বেশি স্কোরকে গুরুতর স্বাস্থ্যঝুঁকিপূর্ণ ধরা হয়।