ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাজশাহীতে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতে ছাড়পত্রবিহীন ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকস পণ্য বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নিউমার্কেটের সুমন এন্ড ব্রাদার্সে বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়াই শ্যাম্পু, সাবান, লিপস্টিক, নেইলপলিশ ও স্কিন পাউডারসহ বিভিন্ন কসমেটিকস পণ্য বিক্রি-বিতরণের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া থিম ওমর প্লাজার লিরা ইমপোর্টে মেয়াদোত্তীর্ণ কসমেটিকস পণ্য সংরক্ষণের দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ ও সেহরীন তাবাসসুম তিথীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। বিএসটিআইয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।
বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।