রাঙ্গুনিয়া সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ‘কালো মানিক’ নামের একটি বিশালাকৃতির গরুকে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। প্রায় ৩৩ মণ ওজনের গরুটির দাম হাঁকা হয়েছে ১৩ লাখ টাকা।
রাঙ্গুনিয়ার সায়েদাবাদ এলাকার আনোয়ার ডেইরি ফার্মে লালন-পালন করা হলস্টেইন ফ্রিজিয়ান শংকর জাতের এই ষাঁড়টি দেখতে প্রতিদিনই নানা বয়সী মানুষের ভিড় বাড়ছে। স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও অনেকে খামারে আসছেন।
খামারি আনোয়ার হোসেন জানান, জন্মের পর থেকে বিশেষ পরিচর্যায় পাঁচ বছর ধরে গরুটিকে বড় করা হয়েছে। গরুটির পেছনে তার প্রায় ৮ লাখ টাকা খরচ হয়েছে। তিনি বলেন, আকারে বড় হলেও ‘কালো মানিক’ শান্ত স্বভাবের এবং তাকে দড়ি দিয়ে বেঁধে রাখতেও হয় না।
খামার কর্তৃপক্ষ জানায়, গরুটিকে প্রতিদিন নির্দিষ্ট খাদ্যতালিকা অনুযায়ী সবুজ ঘাস, ভুসি, খৈল, ভুট্টা ও খড় খাওয়ানো হয়। গরমের কারণে নিয়মিত গোসল ও বিশ্রামের ব্যবস্থাও রাখা হয়েছে।
আনোয়ার ডেইরি ফার্মে বর্তমানে ৬০টি গরু রয়েছে। প্রতি বছর রাঙ্গুনিয়ার চৌমুহনী গরুর বাজারে বড় আকারের গরু সরবরাহের জন্য খামারটির পরিচিতি রয়েছে।
এদিকে জেলা প্রাণিসম্পদ দফতর জানিয়েছে, এবার চট্টগ্রামে কোরবানির জন্য ৭ লাখ ৮৩ হাজারের বেশি প্রাণী প্রস্তুত করা হয়েছে। যদিও স্থানীয় চাহিদার তুলনায় কিছু ঘাটতি রয়েছে, তবে দেশের বিভিন্ন জেলা থেকে পশু আসায় কোরবানিতে সংকট হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।