কুড়িগ্রাম প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারের কাপড় পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছোট-বড় মিলিয়ে অন্তত ১০৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ব্যবসায়ী ও প্রশাসনের কর্মকর্তারা।
শুক্রবার সকালে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ভূরুঙ্গামারীতে নিজস্ব ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়।
পরে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং ফুলবাড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে কাপড় পট্টির প্রায় সব দোকান পুড়ে যায়। এছাড়া কসমেটিকস, ফলের দোকান ও লাইব্রেরিসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
কাপড় দোকান ব্যবসায়ী সমিতির সভাপতি আখতারুজ্জামান বলেন, কাপড় পট্টির ৭৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। প্রতিটি দোকানে আনুমানিক ৫ থেকে ১০ লাখ টাকার মালামাল ছিল।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক এনামুল হক জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।