নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে কয়েকটি জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ও শনিবার রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলেছে, আগামী কয়েক দিনে সিলেট, ময়মনসিংহ ও উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে কয়েকটি নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে। এর ফলে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, ময়মনসিংহ, শেরপুর, লালমনিরহাট ও নীলফামারীর কিছু নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে কেন্দ্রের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি এখনও বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে।