নিউজ দেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দেশের উত্তর, উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
রোববার প্রকাশিত সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার বেড়েছে। একই সঙ্গে তিস্তার ডালিয়া, কুশিয়ারার মারকুলি এবং সোমেশ্বরীর কলমাকান্দা পয়েন্টে নদীর পানি সতর্কসীমায় রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন স্থানে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এছাড়া ১ থেকে ৩ জুলাইয়ের মধ্যে ব্রহ্মপুত্র-যমুনার পানি কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়ার বিভিন্ন পয়েন্টে সতর্কসীমা স্পর্শ করতে পারে। তিস্তা, দুধকুমার ও ধরলা নদীর পানিও আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে।
বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, আগামী চার দিন দেশের রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, অরুণাচল ও মেঘালয়ে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। উজানের এ বৃষ্টিপাতের প্রভাবে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি আরও বাড়তে পারে।