নজরুল ইসলাম, যশোর
১৭ জুলাই ২০২৬, দুপুর ১টা ৫৫ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের যশোর ব্যুরো প্রধান মিজানুর রহমান তোতার পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (১৭ জুলাই)। ২০২১ সালের এই দিনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। সাংবাদিকতার পাশাপাশি সাহিত্য ও কবিতা চর্চায় তিনি বিশেষ অবদান রেখে গেছেন।
মিজানুর রহমান তোতা ১৯৪৭ সালে ঝিনাইদহে জন্মগ্রহণ করেন। যশোর থেকে প্রকাশিত দৈনিক স্ফুলিঙ্গের মাধ্যমে সাংবাদিকতায় তার হাতেখড়ি হয়। এরপর তিনি দৈনিক আজাদসহ বিভিন্ন পত্রিকায় দায়িত্ব পালন করেন। দৈনিক ইনকিলাব প্রতিষ্ঠার পর থেকে আমৃত্যু তিনি পত্রিকাটির যশোর ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
সাংবাদিকতার দীর্ঘ কর্মজীবনে তিনি যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি, প্রেসক্লাব যশোরের সম্পাদক এবং তিনবার সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭৮ সালে দৈনিক গণকন্ঠের রিপোর্টার হিসেবে পেশাগত জীবন শুরু করলেও পরবর্তীতে তিনি সমাচার, স্ফুলিঙ্গ, ঠিকানা ও আজাদের মতো বিভিন্ন পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
সাহিত্য অঙ্গনেও তিনি সুপ্রতিষ্ঠিত ছিলেন। তার লেখা ‘মাঠ সাংবাদিকতা’ ও আত্মজীবনীমূলক গ্রন্থ ‘ক্ষতবিক্ষত বিবেক’ পাঠক মহলে সমাদৃত হয়। এছাড়া তার ৮০টি নির্বাচিত কবিতা নিয়ে ‘দিবানিশি স্বপ্নের খেলা’ নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।
ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক ছিলেন। তার স্ত্রী রেবা রহমানও সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন, যিনি ২০১৮ সালের ৮ আগস্ট মৃত্যুবরণ করেন।