কসবা সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
প্রেমের সম্পর্কের সূত্র ধরে বাংলাদেশে এসে ইসলাম গ্রহণ করে ব্রাহ্মণবাড়িয়ার কসবার এক তরুণীকে বিয়ে করেছেন বলে দাবি করেছেন চীনের নাগরিক সোহান চাও। ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে মোহাম্মদ। ঘটনাটি শনিবার (১৮ জুলাই) এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়।
তরুণী আয়েশা সুলতানার ভাষ্য অনুযায়ী, প্রায় তিন মাস আগে একটি অনলাইন সামাজিক মাধ্যমে সোহান চাওয়ের সঙ্গে তার পরিচয় হয়। নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত ১২ জুন সোহান বাংলাদেশে আসেন এবং ১৪ জুন ঢাকায় যান। সেখানে উভয় পরিবারের সম্মতিতে তিনি ইসলাম গ্রহণ করেন। এরপর তাদের বিয়ে সম্পন্ন হয়।
আয়েশা জানান, বিয়ের পর সোহান এক মাসের বেশি সময় ধরে বাংলাদেশে অবস্থান করছেন। আয়েশা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের বাইসার গ্রামের বাসিন্দা এবং সোহান চাও চীনের হেনান প্রদেশের নানইয়াং শহরের বাসিন্দা।
এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, বিষয়টি তার জানা ছিল না। তিনি বিষয়টি খতিয়ে দেখছেন এবং বিস্তারিত তথ্য পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।