নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ইরানের বিভিন্ন শহরে নতুন করে বিস্ফোরণ ও হামলার খবর পাওয়া গেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে টানা ১৩তম রাতের সামরিক অভিযান পরিচালনা করেছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির তথ্য অনুযায়ী, খোন্দাব শহরের বাইরে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এছাড়া খোররামাবাদ, কোনারাক এবং হরমুজ প্রণালির তীরবর্তী বন্দরনগরী জাস্কেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
সেন্টকম এক বিবৃতিতে জানায়, সর্বশেষ অভিযানে ইরানের সামরিক কমান্ড সেন্টার, ড্রোন সংরক্ষণাগার, যোগাযোগ নেটওয়ার্ক, উপকূলীয় নজরদারি কেন্দ্র এবং সামুদ্রিক সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের নিরাপত্তার জন্য ইরানের তৈরি হুমকি কমাতেই এই অভিযান পরিচালিত হচ্ছে। একই সঙ্গে সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে এবং মার্কিন সামরিক সহায়তায় বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে মধ্যপ্রাচ্যজুড়ে ৫০ হাজারের বেশি মার্কিন সেনাসদস্য মোতায়েন রয়েছেন। তবে হামলা ও বিস্ফোরণের বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।