নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আগস্ট মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি মৌসুমী লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস প্রদানের লক্ষ্যে গঠিত বিশেষজ্ঞ কমিটি।
রোববার ঢাকার বড় সতর্কীকরণ কেন্দ্রে অনুষ্ঠিত কমিটির নিয়মিত সভায় আগস্ট মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলাম।
পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের প্রধান নদ-নদীর পানির সমতল বৃদ্ধি পেতে পারে। মৌসুমী ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
কমিটি জানিয়েছে, আগস্টে দেশে ৫ থেকে ৬ দিন বজ্রঝড় হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও ১ থেকে ২টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
কৃষি আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগস্ট মাসে বাষ্পীভবন ও সূর্যকিরণের পরিমাণ আমন ধানসহ চলমান কৃষি কার্যক্রমের জন্য সহায়ক ভূমিকা রাখবে।
এদিকে সভায় জানানো হয়, জুলাই মাসে সারাদেশে গড়ে ৬৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৩৫ দশমিক ৬ শতাংশ বেশি। ওই মাসে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল, যার মধ্যে দুটি নিম্নচাপ এবং একটি গভীর নিম্নচাপে পরিণত হয়। এসব আবহাওয়াজনিত ব্যবস্থার প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়।