নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
সোমবার (৩ আগস্ট ২০২৬), বেলা ১১টা ৩২ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
প্রেসক্লাব যশোরের বিশেষ সাধারণ সভা স্থগিত করে আগামী ৬ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার বেলা ১১টায় পুনর্নির্ধারণ করা হয়েছে। ক্লাবের কার্যনির্বাহী কমিটির মেয়াদ ও নির্বাচনকে ঘিরে উদ্ভূত সংকট নিরসনে ক্লাবের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দের সমন্বয়ে ৩০ দিনের জন্য একটি এডহক কমিটি গঠন করা হয়েছে।
ক্লাবের শহিদ সাংবাদিক গোলাম মাজেদ অডিটোরিয়ামে এই বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ২ আগস্ট রোববার ক্লাবের নির্বাহী কমিটি ও নির্বাচন বাস্তবায়ন কমিটির যৌথসভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বর্তমান কমিটির মেয়াদ শেষে এডহক কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়।
গঠিত এডহক কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন একরাম-উদ-দ্দৌলা এবং সদস্য সচিব হয়েছেন মবিনুল ইসলাম মবিন। এছাড়া কমিটিতে ১২ জন সদস্য রাখা হয়েছে। তারা হলেন ফকির শওকত, বিনয় কৃষ্ণ মল্লিক, আনোয়ারুল কবীর নান্টু, ওহাবুজ্জামান ঝন্টু, আহসান কবীর, আমিনুর রহমান মামুন, নূর ইসলাম, এসএম তৌহিদুর রহমান, সরোয়ার হোসেন, জাহিদ আহমেদ লিটন, এম আইউব ও আকরামুজ্জামান।
এডহক কমিটি শুধুমাত্র নির্বাচন আয়োজন ও ক্লাবের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবে। নির্বাচন সম্পন্ন হওয়ার পর বিজয়ীদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে এই কমিটি। যৌথসভার এই সিদ্ধান্তসমূহ আগামী ৬ আগস্টের বিশেষ সাধারণ সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে এবং সভা শেষে বর্তমান কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করবে।
সভায় ক্লাবের সংকট নিরসনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নিরপেক্ষ হস্তক্ষেপে গঠনতান্ত্রিক সমাধান হওয়ায় তাঁর প্রতি ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। এছাড়া সভার শুরুতে ক্লাবের সাবেক সভাপতি জাহিদ হাসান টুকুনের দ্রুত সুস্থতা কামনা করা হয়, যিনি বর্তমানে হার্টে বাইপাস সার্জারির পর চিকিৎসাধীন রয়েছেন।