বাঘারপাড়া(যশোর) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা এলাকায় চিত্রা নদীতে গোসল করতে নেমে ইউসা খান (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত ইউসা খান উপজেলার পাঠান পাইকপাড়া গ্রামের আজমুল খানের ছেলে। তিনি খানপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে স্কুল থেকে ফিরে ইউসা তার আরও দুই বন্ধুকে নিয়ে চিত্রা নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তিনজনের মধ্যে অপর দুই বন্ধু নদী থেকে উঠে আসতে পারলেও ইউসা নিখোঁজ হয়ে যায়। পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর নদী থেকে ইউসাকে উদ্ধার করা হয়। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।
বন্দবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সব্দুল হোসেন খান বলেন, “বিষয়টি খুবই কষ্টের। একটি সম্ভাবনাময় শিশুর এভাবে চলে যাওয়া অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”
ইউসার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম।