নজরুল ইসলাম, যশোর / প্রতিনিধি
সোমবার (৩ আগস্ট) ২০২৬, রাত ১০:০৫ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের রামনগর এলাকায় মশাল মিছিলের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ১৩৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেন থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে আটক করেছে পুলিশ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে রামনগর মুড়লী এলাকায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপের প্রস্তুতির খবর পায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে ১৮০ থেকে ২০০ জন নেতাকর্মীকে ১৫ আগস্টকে কেন্দ্র করে মশাল মিছিল করতে দেখা যায়। মিছিলকারীরা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনার ভয় নাই’ স্লোগান দিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
তদন্তে জানা যায়, এই মিছিলের মূল আয়োজক ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। মামলায় সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান ফন্টু চাকলাদারসহ ১৩৩ জনকে আসামি করা হয়েছে।
এ মামলায় রোববার রাতে পুরাতন কসবার ফারদিন দুর্জয়, ওহিদুল ইসলাম শেখ, ঘোপ নওয়াপাড়া রোডের রাকিবুল রহমান, টালিখোলা পুলিশ লাইনের আল আমিন এবং মনোহরপুরের সম্রাট হোসেনকে আটক করা হয়। এছাড়া সোমবার রাতে পৃথক দুটি নাশকতা মামলায় আরও চারজনকে আটক করেছে পুলিশ।
আটককৃত অপর চারজন হলেন—সোহাগ খলিফা, সাবেক ইউপি মেম্বার নুরুল ইসলাম, আকরাম হোসেন এবং মইনুর রহমান। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন।