নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নাটোরের বড়াইগ্রামে জরাজীর্ণ ঝুপড়ি ঘরে বসবাস করা শতবর্ষী মা ও মেয়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে মানবিক সেবা ফাউন্ডেশন। সংগঠনটি তাদের খাদ্যসহায়তার পাশাপাশি পুরোনো ঘরটি সরিয়ে টেকসই নতুন ঘর তৈরির কাজ করছে।
বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি গ্রামের ফাতেমা বেগম ও তার মেয়ে মানিকজান দীর্ঘদিন ধরে ওই ঝুপড়ি ঘরে বসবাস করছেন। স্থানীয়দের দাবি, ফাতেমা বেগমের বয়স প্রায় ১৩০ বছর এবং তার মেয়ের বয়সও শতবর্ষ পেরিয়েছে।
স্বাধীনতার পরপরই স্বামীকে হারান ফাতেমা বেগম। প্রায় এক দশক আগে মারা যান তার একমাত্র ছেলেও। এরপর মা-মেয়েই একে অপরের আশ্রয় হয়ে আছেন।
বয়সের ভারে দুজনই নুয়ে পড়েছেন। বর্ষা ও ঝড়ের সময় জরাজীর্ণ ঘরটিতে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকতেন প্রতিবেশীরা।
সম্প্রতি তাদের পরিস্থিতির কথা জানতে পেরে মানবিক সেবা ফাউন্ডেশন এগিয়ে আসে। খাদ্যসহায়তার পাশাপাশি তাদের জন্য একটি পাকা ও টেকসই ঘর নির্মাণের উদ্যোগ নেয় সংগঠনটি।
নতুন ঘর পাওয়ার উদ্যোগে দীর্ঘদিনের দুর্ভোগের মধ্যে স্বস্তি পেয়েছেন মা ও মেয়ে।