মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি
শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নেত্রকোণা জেলা শহরের বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বহুতল মার্কেটসহ বেশ কয়েকটি দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে একটি জুতার দোকান থেকে সূত্রপাত হওয়া এই আগুনে ফায়ার সার্ভিসের কর্মীসহ পাঁচজন আহত হয়েছেন। রাত সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বড়বাজারের একটি জুতার দোকানে আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়। কয়েক মিনিটের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মজুমদার ভবনের নিচের মার্কেটে আগুন লেগে মজুমদার ইলেকট্রনিক্স ও ভুঁইয়া প্লাজাসহ বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। আগুনের লেলিহান শিখায় কয়েকটি বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে নেত্রকোণা ফায়ার সার্ভিসের পাশাপাশি কেন্দুয়া, পূর্বধলা, মদন ও ময়মনসিংহের ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। উৎসুক জনতার ভিড়ের কারণে শুরুতে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। প্রাথমিকভাবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র বলেন, “আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের তিনজন ও স্থানীয় দুইজনসহ মোট পাঁচজন আহত হয়েছেন। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।”
নেত্রকোণা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খানে আলম খান জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।
নেত্রকোণা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, “আগুন ছড়িয়ে পড়ার পর আশপাশের দোকান ও বাসাবাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারসহ বিস্ফোরক জাতীয় দ্রব্য দ্রুত সরিয়ে নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে এবং ক্ষতিগ্রস্তদের প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।”