নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
শনিবার (৮ আগস্ট, ২০২৬) রাত
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে ‘হানি ট্র্যাপ’ বা ফাঁদ পেতে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন শংকরপুর এলাকার রাজা এবং তার দুই সহযোগী বৃষ্টি ও জারা। ভুক্তভোগী এক যুবকের অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি নড়াইলের কালিয়ার এক যুবক ফেসবুকে ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেখে রাজা ওই যুবকের সঙ্গে যোগাযোগ করেন এবং ল্যাপটপটি বিক্রির জন্য তাকে যশোরে আসতে বলেন। যুবকটি যশোরে পৌঁছালে রাজা তাকে একটি ঘরে আটকে রাখেন।
অভিযোগ রয়েছে, সেখানে বৃষ্টি ও জারাকে ব্যবহার করে ওই যুবকের সঙ্গে আপত্তিকর ছবি তোলা হয়। পরে এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও ল্যাপটপ ছিনিয়ে নেওয়া হয়। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের ফোন করে টাকা আদায় করা হয়। পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে থানায় অভিযোগ করেন।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী যুবক মামলা দায়েরের প্রক্রিয়া চালাচ্ছেন। চক্রটি নারীদের ব্যবহার করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানুষকে ফাঁদে ফেলে এবং ভয়ভীতি দেখিয়ে অর্থ ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নেয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
তিনি আরও জানান, এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।