মামুন রণবীর, বিডি টেলিগ্রাফ
মঙ্গলবার (১১ আগস্ট), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে ২০২৬ সালের রাষ্ট্রপতি নির্বাচনকে একটি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ হিসেবে অভিহিত করেছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬ উপলক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার। সভায় রাষ্ট্র কাঠামোর সর্বক্ষেত্রে ফ্যাসিবাদমুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জাতীয় সংসদের চিফ হুইপ মোঃ নূরুল ইসলাম, বিরোধীদলের চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম এবং হুইপবৃন্দ আলহাজ্ব মোঃ জি কে গউছ, রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. আখতারুজ্জামান মিয়া ও এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান) উপস্থিত ছিলেন।
বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সংসদ অধিবেশন কক্ষের ব্যবহার, লজিস্টিক সাপোর্ট প্রদান এবং সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিতকরণ বিষয়ক কার্যবিবরণী সংশোধনসহ চূড়ান্ত করা হয়। নির্বাচন উপলক্ষে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করার পরামর্শ দেন ভারপ্রাপ্ত স্পিকার।
নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট, বৃহস্পতিবার জাতীয় সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৩ ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এই নির্বাচন পরিচালনা করবেন।
সভায় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভুঁইয়া, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।