স্টাফ রিপোর্টার।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোর সদর উপজেলায় ২৫ লাখ ৬২ হাজার ১৪১ টাকা আনুমানিক মূল্যের স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার দুপুরে যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাটি রেলক্রসিং সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম কবির হোসেন নয়ন (৩০)। তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে কবির হোসেন নয়নকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁর কাছ থেকে ১১৬ দশমিক ৬২ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর আটক ব্যক্তিকে যশোর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।